South east bank ad

গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন   |   মন্ত্রী

গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার সমুন্নত রাখা এবং দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রবিবার (১৫ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ফ্যাসিবাদ আবার ফিরে এলে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার বাধাগ্রস্ত হবে। একই সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারীদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে।

তিনি বলেন, বাংলাদেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু নিজেরা সচেতন থাকলেই হবে না, অন্যদেরও এ বিষয়ে সচেতন ও সম্পৃক্ত করতে হবে। বিশেষ করে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শিল্পীদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সভায় উত্থাপিত প্রস্তাবগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। শিল্পী, কলাকুশলী ও পেশাজীবীদের কল্যাণে একটি ট্রাস্ট গঠনের বিষয়েও সরকার কাজ করছে।

তিনি জানান, সরকারি উদ্যোগে ট্রাস্ট গঠনের ক্ষেত্রে প্রচলিত নীতিমালা ও বিধিবিধান অনুসরণ করতে হবে। এ জন্য অর্থ মন্ত্রণালয়ের সম্পৃক্ততা প্রয়োজন। ট্রাস্টটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নাকি সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে গঠন করা হবে, তা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

সভায় চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাঁদের দাবি, সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন।

এ সময় ডিরেক্টর গিল্ড বাংলাদেশের সভাপতি শহীদুজ্জামান সেলিম, অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুর কালাম, টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সুমন এবং ডিরেক্টর গিল্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলামসহ সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: