আজিমপুরে আ.লীগের চার নেতা গ্রেফতার
রাজধানীর আজিমপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো. রাসেল আহম্মেদ (৪২) ও মো. মফিজুল ইসলাম (৫০)।
শনিবার (১৪ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে লালবাগ থানাধীন আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার সোহরাব হোসেন সুমন মিয়া কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম একই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এবং রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
পুলিশের তথ্যমতে, গত ১৩ নভেম্বর আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি মিছিলের আয়োজন ও তাতে অংশ নেন তারা। পরদিন ১৪ নভেম্বর সোহরাব হোসেন সুমন মিয়ার আজিমপুরের বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করার সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


