অক্টোবরে ২৭৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
সীমান্তসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত অক্টোবর মাসে ২৭৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ১ কেজি ৪৩৫ গ্রাম স্বর্ণ, ১৩ হাজার ৭৭৮টি শাড়ি, ২ লাখ ৭৬ হাজার ৯৮টি কসমেটিকস সামগ্রী, ২২ লাখ ৪৩ হাজার ২৫৭ পিস আতশবাজি, ৩৮১টি মোবাইল ফোন, বিপুল পরিমাণ পোশাক, কাপড়, কয়লা, কাঠ, পাথর, চা-পাতা, সুপারি, চিনি, সার ও ভোজ্যতেল।
এ ছাড়া অভিযানে একটি এসএমজি, ছয়টি দেশি-বিদেশি পিস্তল, পাঁচটি অন্যান্য অস্ত্র, সাতটি ম্যাগাজিন, ১২০ রাউন্ড গোলাবারুদ ও ১৯টি ককটেল উদ্ধার করা হয়।
মাদকবিরোধী অভিযানে ৪০ লাখ ৪৫ হাজার ৪১২ পিস ইয়াবা, ৯৪১ গ্রাম হেরোইন, ১ হাজার ২০১ বোতল ফেনসিডিল, ৮ কেজি ৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ, ১১ হাজার ৩০৭ বোতল বিদেশি মদ, ১ হাজার ৫৬৪ কেজি গাঁজা এবং বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদক ও নেশাজাতীয় দ্রব্য জব্দ করা হয়েছে।
এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৯ জনকে আটক করেছে বিজিবি। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১১৪ জন বাংলাদেশি, ৭ জন ভারতীয় ও ৩৫০ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।


