শিরোনাম

South east bank ad

অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের

 প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন   |   মন্ত্রী

অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের
বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা বাড়াতে এবং অন্যান্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে বরাদ্দ দেওয়ার ইতিবাচক আশ্বাস দিয়েছে সৌদি আরব। একই সঙ্গে হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

শনিবার (১৪ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে গত ৯ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।

বৈঠকে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশি হজযাত্রী ও ওমরাহ পালনকারীদের সুযোগ-সুবিধা বাড়ানো এবং দুই দেশের মধ্যে যোগাযোগ, সমন্বয় ও তথ্য বিনিময় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

জবাবে সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করে বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। কোনো দেশ তাদের বরাদ্দ করা হজ কোটা পূরণ করতে না পারলে বা অব্যবহৃত থাকলে সেই কোটা বাংলাদেশকে দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন তিনি।

এ সময় সৌদি মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।’ হজ ও ওমরাহ ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহও জানান তিনি।

বৈঠকে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেলসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: