শিরোনাম

South east bank ad

প্রাথমিক শিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় এডিবি

 প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন   |   মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় এডিবি
বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও চলমান সংস্কার কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতেও সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর ঝাং কিংফেং।

সাক্ষাতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম, পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) এবং ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষায় অবকাঠামো, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষা উপকরণে বিনিয়োগের পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা এবং শিক্ষার্থীদের শিখন অগ্রগতি নিশ্চিত করা জরুরি।

তিনি জানান, পিইডিপি-৫ কর্মসূচিকে আরও ফলাফলভিত্তিক ও বাস্তবায়নযোগ্য করতে ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে অর্থায়ন ও প্রকল্পের কার্যক্রম আরও সুনির্দিষ্ট হবে।

এ সময় অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে উন্নয়ন সহযোগীদের দীর্ঘমেয়াদি বিনিয়োগের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

এডিবির কান্ট্রি ডিরেক্টর প্রাথমিক শিক্ষায় চলমান সংস্কার, বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষকদের সঙ্গে প্রতিমন্ত্রীর সরাসরি মতবিনিময়ের প্রশংসা করেন। তিনি প্রাথমিক শিক্ষার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নেও সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়াসহ মন্ত্রণালয় ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: