শিরোনাম

South east bank ad

রোহিঙ্গা প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান: স্বরাষ্ট্রমন্ত্রী

 প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন   |   মন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান: স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির (Kelley E. Currie) সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, রোহিঙ্গাদের প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা এবং রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাপ্তরিক নথিতে রোহিঙ্গার সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক এই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।

তিনি বলেন, আন্তর্জাতিক সব প্রচেষ্টার মূল লক্ষ্য হওয়া উচিত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করা। আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত মামলার রায় ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক বাংলাদেশ সরকারকে দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক আশ্রয় ও সেবা দেওয়ার জন্য প্রশংসা করেন। তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিচার ও তাঁদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি মিয়ানমারে প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরিতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সহযোগীরা কাজ করছে।

বৈঠকে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় মাদক ও অস্ত্র পাচার এবং সাইবার অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশগুলোর সমন্বিত উদ্যোগে মিয়ানমার সরকারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎকালে জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী থমাস হুনেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: