গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
গাজীপুরের মৌচাকে বেতন বাড়ানোর দাবিতে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মৌচাকের আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কারখানায় যান। তবে তারা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানা ছুটি দিলে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে মৌচাক ও আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।
এদিকে নগরীর কোনাবাড়ী, জরুন এলাকায় ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টেসের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে আশপাশে অবস্থান করছেন। এছাড়াও কোনাবাড়ীতে অবস্থিত এম এম নীট ওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছে, এতে যান চলাচল বন্ধ রয়েছে।


