শিরোনাম

South east bank ad

সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

 প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন   |   সারাদেশ

সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

সোমবার (২৭ জুলাই) দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। উচ্চশিক্ষাকে কর্মমুখী ও শিল্পবান্ধব করতে ইউজিসির পাঁচ বছর মেয়াদি কৌশলগত কর্মপরিকল্পনার খসড়ায় এ উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের এক সংবর্ধনা অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়াতে সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থায় কাঠামোবদ্ধ ইন্টার্নশিপের সুযোগ তৈরি করা হবে।

তিনি বলেন, স্নাতক ডিগ্রি অর্জনের পরও প্রয়োজনীয় দক্ষতার ঘাটতির কারণে অনেক শিক্ষার্থী চাকরির বাজারে পিছিয়ে পড়েন। এ ব্যবধান কমিয়ে উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতেই ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ড. মামুন আহমেদ জানান, জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের দক্ষতার বর্তমান অবস্থা ও ঘাটতি নিরূপণে একটি সমীক্ষা পরিচালনা করা হবে। এর ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম, শিক্ষণ-পদ্ধতি ও মূল্যায়ন ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও সরকারি সংস্থার অংশীদারত্বে ইন্টার্নশিপ কর্মসূচি পরিচালিত হবে। সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান যৌথভাবে এ কর্মসূচিতে অর্থায়ন করবে এবং ইউজিসি নীতিগত সমন্বয়, তদারকি ও বাস্তবায়নে সহযোগিতা করবে।

ইউজিসি চেয়ারম্যান জানান, ভাষাগত দক্ষতা, যোগাযোগ, নেতৃত্ব, দলগত কাজ, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের মতো সফট স্কিল উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ মডিউল তৈরি করা হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সংযুক্ত করতে ডিজিটাল প্ল্যাটফর্মও গড়ে তোলা হবে।

তিনি আরও জানান, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ধাপে ধাপে ডিজিটাল রূপান্তরের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে উচ্চগতির ইন্টারনেট, ক্যাম্পাসজুড়ে বিনামূল্যে ওয়াই-ফাই, আধুনিক ডিজিটাল শ্রেণিকক্ষ, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) এবং স্মার্ট ক্যাম্পাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।





BBS cable ad

সারাদেশ এর আরও খবর: