শিরোনাম

South east bank ad

পদত্যাগের দাবিতে ঢামেক পরিচালকের কক্ষে চিকিৎসক-শিক্ষার্থীরা

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন   |   সারাদেশ

পদত্যাগের দাবিতে ঢামেক পরিচালকের কক্ষে চিকিৎসক-শিক্ষার্থীরা

মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানের পদত্যাগের দাবিতে তার কক্ষে অবস্থান নিয়েছেন চিকিৎসক ও শিক্ষার্থীদের একটি অংশ।

আজ দুপুর ১২টার দিকে তারা হাসপাতালের প্রশাসনিক ব্লকে পরিচালকের কক্ষে প্রবেশ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তারা সেখানেই অবস্থান নেন।

চিকিৎসকদের এই কর্মসূচির সঙ্গে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রেজাউল ইসলামের বদলি নিয়ে চলমান বিরোধেরও যোগসূত্র রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে রেজাউল ইসলামকে ময়মনসিংহে বদলি এবং সেখানকার প্রশাসনিক কর্মকর্তা মোজাম্মেল হককে ঢামেক হাসপাতালে বদলি করা হয়। চিকিৎসকদের একাংশের অভিযোগ, মোজাম্মেল হককে ঢামেকে যোগদানের সুযোগ দেওয়া হচ্ছে না।

এদিকে প্রশাসনিক কর্মকর্তা রেজাউল ইসলামের কক্ষে তালা দেওয়ার চেষ্টা এবং এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী মো. হানিফকে মারধরের অভিযোগে কর্মচারীদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। তারা ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঢামেক হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি মো. আজিম বলেন, হানিফকে মারধরের ঘটনায় তারা পরিচালকের কাছে স্মারকলিপি দিতে এসেছিলেন। তবে চিকিৎসক ও শিক্ষার্থীরা পরিচালকের কক্ষে অবস্থান নেওয়ায় তারা স্মারকলিপি দিতে পারেননি।

অন্যদিকে কর্মসূচিতে অংশ নেওয়া চিকিৎসক ডা. সাইফুল আলম বাদশা পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, পরিচালক পদত্যাগ না করা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে।

দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে ঢামেক হাসপাতালের প্রশাসনিক এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিচালকের কক্ষে চিকিৎসক ও শিক্ষার্থীদের এবং বাইরে কর্মচারীদের অবস্থান অব্যাহত ছিল।





BBS cable ad

সারাদেশ এর আরও খবর: