পল্টন-নর্থ সাউথ রোড হকারমুক্ত ঘোষণা
রাজধানীর পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে হকারমুক্ত ঘোষিত সড়ক পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। তিনি জানান, এ সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসক বলেন, হকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে এবং তারা মূল সড়ক ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। নগরবাসীর চলাচলে স্বস্তি ফিরিয়ে আনতে সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি জানান, শুধু রমনা ভবন সংলগ্ন পূর্ব পাশের ফুটপাতে পথচারীদের চলাচলের জায়গা রেখে নির্ধারিত স্থানে নিবন্ধিত নির্দিষ্টসংখ্যক হকার নিয়ম মেনে বসতে পারবেন। নির্ধারিত স্থান, সময়, সংখ্যা ও নিবন্ধনের বাইরে হকার বসলে ছাড় দেওয়া হবে না।
হকারদের নিবন্ধন ফি কমানোর দাবির বিষয়ে তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিদর্শনকালে প্রশাসক এক ঘণ্টারও বেশি সময় পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রম তদারকি করেন। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও হকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


