শিরোনাম

South east bank ad

ডিসিসিআইতে সপ্তাহব্যাপী ট্রেড লাইসেন্স নবায়ন সেবা

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন   |   সিটি কর্পোরেশন

ডিসিসিআইতে সপ্তাহব্যাপী ট্রেড লাইসেন্স নবায়ন সেবা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়ন সহজ করতে সপ্তাহব্যাপী ট্রেড লাইসেন্স নবায়ন সেবা কার্যক্রম শুরু হয়েছে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যৌথভাবে এ কার্যক্রমের আয়োজন করেছে।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. মাসুদ করিম।

১৬ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সেবা কার্যক্রম চলবে। এ সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার ডিসিসিআই সদস্য প্রতিষ্ঠানসহ অন্যান্য ব্যবসায়ীরা নির্ধারিত ফি জমা দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য নিজ নিজ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেশি হলেও ট্রেড লাইসেন্স রয়েছে প্রায় আড়াই লাখ। ব্যবসায়ীদের নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ এবং পুরোনো লাইসেন্স নবায়নের মাধ্যমে বৈধভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, হয়রানিমুক্ত ট্রেড লাইসেন্স সেবা নিশ্চিত করতে ডিজিটাল ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ওয়ান-স্টপ সার্ভিস চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।

শহরের যানজট নিরসনে বিদ্যুৎচালিত অটোরিকশা ও হকারদের নিবন্ধনের আওতায় আনার কার্যক্রম চলছে বলেও জানান তিনি।

পুরান ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনতে সিটি করপোরেশন বেশ কিছু উদ্যোগ নিয়েছে জানিয়ে প্রশাসক বলেন, পুরান ঢাকার যানজট নিরসনে কয়েকটি সড়ক একমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করতে প্রতি শনিবার গণশুনানির আয়োজন করা হচ্ছে। এসব গণশুনানিতে ব্যবসায়ীসহ নগরবাসীকে অংশ নিয়ে নিজেদের মতামত দেওয়ার আহ্বান জানান তিনি।
নতুন ট্রেড লাইসেন্স ও নবায়নের নির্ধারিত ফির মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চার্জ কমানো গেলে ট্রেড লাইসেন্সের ফি আরও কমানো সম্ভব বলে মত দেন মো. আব্দুস সালাম।

তিনি বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। ব্যবসা পরিচালনায় সহায়ক পরিবেশ তৈরি করা গেলে একদিকে সিটি করপোরেশনের রাজস্ব আয় বাড়বে, অন্যদিকে নগরবাসীকে উন্নত সেবা দেওয়া সম্ভব হবে।

স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ট্রেড লাইসেন্স ব্যবসা পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাথমিক দলিল। কিন্তু এর নিবন্ধন ও নবায়ন প্রক্রিয়ায় তথ্যের ঘাটতি, প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে অস্পষ্টতা, একাধিকবার অফিসে যাতায়াত এবং বিভিন্ন ধাপে সময়ক্ষেপণ ও হয়রানির কারণে উদ্যোক্তাদের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়।

দেশে ব্যবসা পরিচালনার সহায়ক পরিবেশ তৈরিতে ট্রেড লাইসেন্সসহ অন্যান্য সেবা পাওয়ার ক্ষেত্রে সময়ক্ষেপণ ও হয়রানি বন্ধে ডিজিটাল ব্যবস্থার কার্যকর প্রয়োগের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি একাধিক বছরের জন্য ট্রেড লাইসেন্স নবায়নের ব্যবস্থা চালুরও দাবি জানান ডিসিসিআই সভাপতি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান বলেন, ডিএসসিসির আওতাধীন এলাকায় ২৯৪ ধরনের ব্যবসার জন্য এরই মধ্যে দুই লাখ ৪৬ হাজার ১৮০টি ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ১৫০ কোটি টাকা। এ লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবসায়ীসহ নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. মাসুদ করিম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহায়ক না হলে ব্যবসা ও বিনিয়োগে গতিশীলতা আসে না। তাই ব্যবসাবান্ধব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে ডিএমপির পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

BBS cable ad

সিটি কর্পোরেশন এর আরও খবর: