শ্যামবাজারে ৪,৮১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা
রাজধানীর শ্যামবাজার এলাকায় অবৈধ পলিথিন বিক্রি ও গুদামজাতকরণের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে ৪ হাজার ৮১৫ কেজি পলিথিন জব্দ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), পরিবেশ অধিদপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধ পলিথিন বিক্রি ও গুদামজাত করার দায়ে দুই ব্যবসায়ীকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার বিষয়ে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
এ সময় দুটি গোডাউন থেকে ১৪২ বস্তায় মোট ৪ হাজার ৮১৫ কেজি পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ১৮ হাজার ৪৫০ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে এসব পলিথিন পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেনের হেফাজতে দেওয়া হয়।
অভিযানে শ্যামবাজার মার্কেটের সভাপতি গণি মিয়া, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন এবং সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) ফেরদৌস মেহবুবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে অবৈধ পলিথিনের বিরুদ্ধে ডিএসসিসি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


