শিরোনাম

South east bank ad

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু ২৫ আগস্ট

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন   |   সিটি কর্পোরেশন

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু ২৫ আগস্ট

আগামী ২৫ আগস্ট আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। ওইদিন দুপুর ১২টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
উদ্বোধক হিসেবে থাকবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী ও বৈদেশিক কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
এ ছাড়া সিলেটের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত থাকবেন।

রোববার (২৩ আগস্ট) নগরীর নাইওরপুল সংলগ্ন হোটেল ফরচুন গার্ডেনে সিউকের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নব গঠিত সংস্থাটির চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

বক্তব্যে সিউক চেয়ারম্যান বলেন, নগরীসহ আশপাশের প্রায় ৯৯৫ বর্গকিলোমিটার এলাকা কর্তৃপক্ষের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। তিনি পরিকল্পিত, সমন্বিত ও আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এজন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তর, পেশাজীবী সংগঠন, সুশীল সমাজসহ বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হবে।

‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩’-এর আওতায় গঠিত এই কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় পরিকল্পিত নগরায়ণ, ভূমির যৌক্তিক ব্যবহার, আবাসন, যোগাযোগ, পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনার সুযোগ রয়েছে। আইনে কর্তৃপক্ষকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা ও কার্যাবলি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ভূমির যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা, ভবন নির্মাণ, অনুমোদন, সংরক্ষণ ও অপসারণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা, নতুন আবাসন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন এবং নিম্নবিত্ত, বস্তিবাসী মানুষের আবাসন সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়া। সেই সঙ্গে আধুনিক ও আকর্ষণীয় নাগরিক সুবিধা তৈরি ও সংরক্ষণ, পর্যাপ্ত বনায়ন, পরিবেশদূষণ প্রতিরোধে প্রকল্প গ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তির উন্নয়ন, এক্সপ্রেসওয়ে, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নালা-খাল-নর্দমার উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে কাজ করার সুযোগ রয়েছে কর্তৃপক্ষের।

BBS cable ad

সিটি কর্পোরেশন এর আরও খবর: