শিরোনাম

South east bank ad

ঢাকায় ২২ আগস্ট শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব

 প্রকাশ: ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন   |   সিটি কর্পোরেশন

ঢাকায় ২২ আগস্ট শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব
বুধবার (১৯ আগস্ট) ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আগামী ২২ আগস্ট থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

আজ রাজধানীর মতিঝিলের মধুমিতা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

উৎসবে ঢাকাই চলচ্চিত্রের সূচনালগ্ন থেকে বাছাই করা ১৩টি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ চলচ্চিত্র প্রদর্শিত হবে। পাশাপাশি চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ৫৮ জন প্রবীণ ও নবীন শিল্পী, পরিচালক, লেখক, সঙ্গীতশিল্পী, গীতিকার ও সিনেমাটোগ্রাফারকে সম্মাননা দেওয়া হবে।

আগামী ২২ আগস্ট বিকেল ৪টায় মধুমিতা সিনেমা হলে উৎসবের উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। সভাপতিত্ব করবেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

উৎসবে ২২ আগস্ট সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে আব্দুল জব্বার খানের ‘মুখ ও মুখোশ’। ২৩ আগস্ট ‘নবাব সিরাজদ্দৌলা’ ও ‘১৩ নং ফেকুওস্তাগার লেন’, ২৪ আগস্ট ‘জীবন থেকে নেওয়া’ ও ‘নান্টু ঘটক’, ২৫ আগস্ট ‘অশিক্ষিত’ ও ‘রংবাজ’, ২৬ আগস্ট ‘সবুজ সাথী’ ও ‘নাচের পুতুল’, ২৭ আগস্ট ‘দূরদেশ’ ও ‘দহন’ এবং ২৮ আগস্ট ‘দোস্ত দুশমন’ ও ‘বধু বিদায়’ প্রদর্শিত হবে।

‘উৎসব, গর্বে, দায়িত্বে’ স্লোগানকে সামনে রেখে ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ বছর পূর্তি উপলক্ষে ডিএসসিসি চলচ্চিত্র উৎসবের পাশাপাশি সাইকেল র‍্যালি, ম্যারাথন, বৃক্ষমেলা, মঞ্চনাটক, সাঁতার, নৌকা বাইচ ও নগর পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন নাগরিক কর্মসূচি গ্রহণ করেছে।

সংবাদ সম্মেলনে অভিনয়শিল্পী দিলারা জামান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চৌধুরী মাজহার আলী (শিবা শানু), মধুমিতা সিনেমা হলের ব্যবস্থাপক ইফতেখার উদ্দিন নওশাদসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
BBS cable ad

সিটি কর্পোরেশন এর আরও খবর: