শিরোনাম

South east bank ad

সঠিক তথ্যই সরকারের সবচেয়ে বড় সম্পদ: অর্থমন্ত্রী

 প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন   |   মন্ত্রী

সঠিক তথ্যই সরকারের সবচেয়ে বড় সম্পদ: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো সঠিক ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত। তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত হলে কার্যকর সরকারি নীতি ও পরিকল্পনা প্রণয়ন সম্ভব হবে।

রবিবার (৮ নভেম্বর) আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন অডিটরিয়ামে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকার রাজনীতির পাশাপাশি অর্থনীতির গণতান্ত্রিকীকরণ করতে চায়। এ জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। উন্মুক্ত তথ্যব্যবস্থা চালুর মাধ্যমে তথ্যের স্বচ্ছতা ও জনআস্থা নিশ্চিত করতে হবে। তথ্যের সঙ্গে কারসাজি করা মানে নিজের সঙ্গে প্রতারণা করা।

তিনি আরও বলেন, বৈষম্য দূর করা ও সুনির্দিষ্ট গবেষণার জন্য নির্ভুল তথ্য অপরিহার্য। এ ক্ষেত্রে ডিজিটাল অবকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। পাশাপাশি বিবিএসের জনবল সংকট নিরসনে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: