শিরোনাম

South east bank ad

গ্রাম পুলিশ সমাবেশে আসার পথে ২ জনের মৃত্যু, পরিবার পাবে ৩ লাখ টাকা

 প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন   |   মন্ত্রী

গ্রাম পুলিশ সমাবেশে আসার পথে ২ জনের মৃত্যু, পরিবার পাবে ৩ লাখ টাকা
রাজধানীতে গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে আসার পথে অসুস্থ হয়ে দুই সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারকে ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা এবং পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশের চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীতে আয়োজিত ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬’-এ অংশ নিতে আসার পথে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অসুস্থ আরও কয়েকজন গ্রাম পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।

সমাবেশ শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাধীন গ্রাম পুলিশ সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী জানান, অসুস্থ ও আহত সদস্যদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে। পাশাপাশি নিহতদের পরিবারের প্রত্যেককে তিন লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

তিনি আরও জানান, নিহতদের পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশের চাকরি দেওয়া হবে। সরকারি খরচে মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছানো এবং সম্মানজনক দাফন-কাফনের ব্যবস্থাও করা হয়েছে।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: