অবকাঠামো উন্নয়নে চীনা বিনিয়োগ চাইলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ, ড্রেনেজ ও সড়ক যোগাযোগ খাতে বিনিয়োগে চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনকে (সিআরসিসি) এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, এলজিইডি, ওয়াসা, সিটি করপোরেশন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে দেশজুড়ে অবকাঠামো, পানি সরবরাহ, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব খাতে চীনা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে।
তিনি বলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি), চীনা সরকারের সরাসরি অর্থায়ন কিংবা আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের অর্থায়নে বড় প্রকল্প বাস্তবায়নে চীনা প্রতিষ্ঠানগুলো অংশ নিতে পারে। বিশেষ করে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, সুপেয় পানি সরবরাহ, সড়ক ও সেতু নির্মাণ এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থায় বিনিয়োগের সুযোগ রয়েছে।
সিআরসিসিকে উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, গ্রামকে শহরে রূপান্তরের সরকারের পরিকল্পনা এবং সার্বিক অবকাঠামো উন্নয়নে প্রতিষ্ঠানটির আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। এসব খাতে বিনিয়োগে এগিয়ে এলে সরকার সব ধরনের সহযোগিতা দেবে।
বৈঠকে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন জানান, বর্তমানে বাংলাদেশে প্রতিষ্ঠানটির ১ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ২৪টি প্রকল্প চলমান রয়েছে। কক্সবাজার রেল সংযোগ, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুসহ বিভিন্ন বড় প্রকল্প বাস্তবায়নে কাজ করেছে প্রতিষ্ঠানটি।
তিনি আরও জানান, নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং গ্রামীণ এলাকায় আর্সেনিকমুক্ত নিরাপদ পানি সরবরাহে নিজস্ব প্রযুক্তি নিয়ে বাংলাদেশে কাজ করতে আগ্রহী সিআরসিসি। বাংলাদেশের পল্লি ও শহরাঞ্চলের সুষম উন্নয়নে দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ড. মুহা. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


