বে টার্মিনালে বিনিয়োগে প্রস্তুত সিঙ্গাপুরের পিএসএ
চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্পে বিনিয়োগ ও টার্মিনাল পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। প্রকল্পটি বাস্তবায়নে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনাল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির অনাবাসী হাইকমিশনার ডেরেক লো।
মঙ্গলবার (৩ নভেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ে নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান। বৈঠকে বে টার্মিনাল প্রকল্পসহ বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
হাইকমিশনার বলেন, বে টার্মিনাল চালু হলে বাংলাদেশের আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। এতে দেশের সামগ্রিক বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে।
মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বে টার্মিনাল নির্মাণ বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর একটি। এটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ার পাশাপাশি পণ্য পরিবহনে গতি আসবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।
তিনি বলেন, সিঙ্গাপুর বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। দেশের বন্দর ও সামুদ্রিক খাতের উন্নয়নে সিঙ্গাপুরের অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ খাতে দেশটির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশ আগ্রহী।
বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বন্দর উন্নয়ন, বিনিয়োগ ও সামুদ্রিক খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান এনডিসি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


