শিরোনাম

South east bank ad

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

 প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন   |   মন্ত্রী

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে ডিজিটাল পেমেন্ট, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ই-কমার্সসহ বিভিন্ন খাতে প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোক সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, সরকার ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগ এবং প্রযুক্তিনির্ভর জনসেবা সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এসব ক্ষেত্রে সিঙ্গাপুরের অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী উদ্যোগ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

তিনি বলেন, বাংলাদেশের বিস্তৃত ডাকঘর নেটওয়ার্ক আধুনিকায়নের মাধ্যমে ই-কমার্স, পার্সেল ডেলিভারি ও সমন্বিত লজিস্টিকস সেবার কার্যকর কেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সিঙ্গাপুরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে।

সরকারি সেবায় ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ, রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী।

সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোক বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। তিনি ডাক বিভাগের অবকাঠামো কাজে লাগিয়ে ই-কমার্স, পার্সেল ডেলিভারি ও লজিস্টিকস সেবার উন্নয়নের ওপর গুরুত্ব দেন।

তিনি সরকারি সেবায় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব আদায় বৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং জনসেবার দক্ষতা বাড়াতে সিঙ্গাপুরের অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ জানান।

হাইকমিশনার স্বাস্থ্যসেবা, গবেষণা, বায়োমেডিক্যাল প্রযুক্তি এবং সরকারি সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি এআইনির্ভর পরিবর্তনশীল কর্মবাজারের উপযোগী করে তরুণদের গড়ে তুলতে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাতে উভয় পক্ষ ডিজিটাল অর্থনীতি, প্রযুক্তি উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং জনসেবার আধুনিকায়নে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে একমত হন।

এ সময় সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং, ডেস্ক অফিসার ম্রিথিনি টিজিট্রিথারান এবং এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের দক্ষিণ এশিয়াবিষয়ক ডেভেলপমেন্ট পার্টনার বেঞ্জামিন চু উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: