শিরোনাম

South east bank ad

শ্রমিক আন্দোলনে ৫ মামলা, আসামি সাড়ে ১০ হাজার

 প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন   |   কর্পোরেট

শ্রমিক আন্দোলনে ৫ মামলা, আসামি সাড়ে ১০ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন ঘিরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় রাজধানীর মিরপুর ও পল্লবী থানায় পাঁচটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তিকে। গত দুই দিনে অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ নাছের রিকাবদার এ তথ্য জানান।

পুলিশ জানায়, মিরপুর মডেল থানায় ট্রাফিক বক্স ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ মামলায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, পল্লবী থানায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ট্রাফিক বক্স ভাঙচুরের অভিযোগে তিনটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা দুই থেকে আড়াই হাজার করে ব্যক্তিকে আসামি করা হয়েছে। তিন মামলায় গ্রেফতার হয়েছেন ১৬ জন।

ডিবি পুলিশের দাবি, শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনকে ব্যবহার করে মিরপুরে সহিংসতা সৃষ্টির পরিকল্পনা করেছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা। অনলাইন গ্রুপের মাধ্যমে সংগঠিত হয়ে আন্দোলনের আড়ালে নাশকতার পরিকল্পনা করা হয়েছিল।

পুলিশের তথ্যমতে, আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ জন নেতা-কর্মী রয়েছেন। তারা স্থানীয় পোশাক কারখানার শ্রমিক নন বলে দাবি পুলিশের। বিভিন্ন জেলা থেকে এসে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার উদ্দেশ্যে তারা মিরপুরে জড়ো হয়েছিলেন বলে জানিয়েছে ডিবি।

এদিকে, টানা দুই দিনের বিক্ষোভ ও সংঘর্ষের পর সোমবার সকাল থেকে মিরপুর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েনের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও দাঙ্গা নিয়ন্ত্রণের যানবাহন।

তবে সকাল থেকে মিরপুর-১০ ও আশপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পথচারীদের চলাচলেও কোনো বিঘ্ন দেখা যায়নি।

BBS cable ad