চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খুলছে
বৃহস্পতিবার (২৫ জুন) চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে এ কার্যালয় কাজ করবে। তিনি বাংলাদেশে ভ্যালু চেইন সম্প্রসারণে চীনা কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান।
তিনি জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার নীতিগত সংস্কার, সেবা ডিজিটাইজেশন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে। পাশাপাশি আনোয়ারা ও মোংলায় চীনা বিনিয়োগের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগের জন্য উন্মুক্ত এবং চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।


