শৃঙ্খলা ভাঙলে পুলিশ সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশের কোনো সদস্য শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের দায়িত্ব শুধু অপরাধী গ্রেপ্তার বা আইন প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি রাষ্ট্রের প্রতি নাগরিকের আস্থা তৈরিতেও পুলিশকে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, এমন একটি পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে, যারা দক্ষতা ও পেশাদারিত্বে আধুনিক, প্রযুক্তিতে সক্ষম, আচরণে মানবিক, আইন প্রয়োগে দৃঢ় এবং দায়িত্ব পালনে নিরপেক্ষ হবে।
বর্তমানে সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, ডিজিটাল জালিয়াতি ও আন্তঃদেশীয় অপরাধ নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে উল্লেখ করে তিনি বলেন, এসব মোকাবিলায় আধুনিক প্রযুক্তি, তথ্য ও তদন্ত কৌশলের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। সাইবার অপরাধ মোকাবিলায় স্বতন্ত্র সাইবার ইউনিট চালু করা হচ্ছে বলেও জানান তিনি।
পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে প্রাতিষ্ঠানিক, আইনগত ও প্রশাসনিক বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ সদস্যদের জনগণের সঙ্গে সম্মানজনক ও মানবিক আচরণ করতে হবে এবং দ্রুত সেবা নিশ্চিত করতে হবে।


