পুলিশকে জনআস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনআকাঙ্ক্ষাকে ধারণ করে পুলিশকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, মানবিক ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলে জনআস্থা অর্জনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, কোনো পুলিশ সদস্য শৃঙ্খলাভঙ্গ, অপেশাদারিত্ব বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি প্রচলিত ফৌজদারি আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‘পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সবচেয়ে বড় শক্তি জনগণের আস্থা। জনগণের আস্থা ছাড়া কোনো আইন প্রয়োগকারী সংস্থা দীর্ঘমেয়াদে কার্যকর ভূমিকা রাখতে পারে না। দক্ষতা ও পেশাদারিত্বে আধুনিক, প্রযুক্তিতে সক্ষম, আচরণে মানবিক এবং আইন প্রয়োগে দৃঢ় ও নিরপেক্ষ পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড বজায় রেখে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সংস্কার ও আইনি কাঠামোর স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। এপিবিএনকে আধুনিকায়নে নতুন আইন প্রণয়ন এবং প্রয়োজনীয় তদন্তের ক্ষমতা দেওয়ার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে সাহসিকতা, সততা, দক্ষতা, নিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও জনসেবায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের ৯২ সদস্যকে বিপিএম, বিপিএম-সেবা, পিপিএম ও পিপিএম-সেবা পদক দেওয়া হয়।


