শিরোনাম

South east bank ad

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন   |   বিচার বিভাগ

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

গ্রেপ্তাররা হলেন—মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), মো. জিহাদ হাসান (২১) ও মো. রাবিব (২০)।

শনিবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিদ্দিক আজাদ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার মধ্যরাতে হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ঢুকে ভাঙচুর চালায়। ভেকু দিয়ে সেমিপাকা ঘর, পরিবার পরিকল্পনা সেবাকেন্দ্র, আলট্রাসনোগ্রাম, টিকাদান ও ল্যাবরেটরি কক্ষের দরজা-জানালা ভাঙচুর করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা দুটি আলট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি, তিনটি স্টিলের আলমারিসহ বিভিন্ন ওষুধ ও সামগ্রী নিয়ে যায়। নৈশপ্রহরীদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার পাশাপাশি সেখানে দোকানদার সমবায় সমিতির ব্যানার ও সাইনবোর্ড লাগিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

এ ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার শাহআলী থানায় মামলা করেন। মামলায় মো. হানিফ মিয়াসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
BBS cable ad