শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্ট সমর্থকদের ইন্ধন: স্বরাষ্ট্রমন্ত্রী
তৈরি পোশাকশিল্পে চলমান সহিংস আন্দোলনে ফ্যাসিস্ট সমর্থক ও বহিরাগতদের ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে শ্রমিকদের অপপ্রচারে কান না দিয়ে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণে আন্দোলনের নামে মুখোশধারী সুযোগসন্ধানীদের সহিংসতা ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী জানান, নিরপরাধ শ্রমিক ও নেতাদের মুক্তির বিষয়টি আইনানুগভাবে বিবেচনা করা হবে। এদিকে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা শিগগিরই অনুষ্ঠিত হবে।
বৈঠকে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, শ্রমিক নেতা ও সংসদ সদস্য শিমুল বিশ্বাসসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


