শিরোনাম

South east bank ad

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৬ সদস্যের মজুরি বোর্ড

 প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন   |   মন্ত্রী

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৬ সদস্যের মজুরি বোর্ড
গার্মেন্টস শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। একই সঙ্গে শ্রমিকদের আন্দোলন ছেড়ে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রবিবার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন তিনি। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারা অনুযায়ী এ বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ।

বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে রাখা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে এবিএম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাবুল আখতারকে মনোনীত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী বলেন, মজুরি বোর্ড গঠনের মধ্য দিয়ে শ্রমিকদের দীর্ঘদিনের মূল দাবি পূরণ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শ্রমিকেরা রাজপথ ছেড়ে দ্রুত নিজ নিজ কারখানায় কাজে যোগ দেবেন এবং উৎপাদনমুখী পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখবেন।

নতুন নিম্নতম মজুরি কত হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বোর্ডের সদস্যরা স্বাধীনভাবে পারস্পরিক আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে উপযুক্ত মজুরি নির্ধারণ করবেন।

BBS cable ad