আধুনিক পুলিশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
দক্ষ, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির চেমেনি মেমোরিয়াল হলে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রেখে পুলিশ বাহিনীকে আধুনিকায়নে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত পুলিশ কর্মকর্তাদের আইনি ও প্রশাসনিক জটিলতা নিরসন করে চাকরিতে পুনর্বহাল এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণ পুলিশের কাছেই ন্যায়বিচার প্রত্যাশা করে। পুলিশের সততা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের ওপর সরকারের ভাবমূর্তি নির্ভর করে। তাই দেশ ও জনগণের সেবায় অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান তিনি।
প্রযুক্তিনির্ভর অপরাধ ও সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ফরেনসিক ও কেমিক্যাল ল্যাব সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির সংযোজন এবং দেশে-বিদেশে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হচ্ছে। এ ছাড়া ‘ট্রেনিং অব দ্য ট্রেইনার্স’ কর্মসূচির আওতায় চীনসহ উন্নত দেশগুলোতে কর্মকর্তাদের বিশেষায়িত প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও লজিস্টিক সহায়তায় অর্থ বরাদ্দ আটকে থাকবে না বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান।
এর আগে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকারের আট মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম বা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি। তিনি বলেন, অপরাধ সংঘটিত হওয়ার পর অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার ও তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে পুলিশ কাজ করছে।
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং দুপুর পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভোটাররা যাতে স্বাধীনভাবে ও নিরাপদে ভোট দিতে পারেন, সে বিষয়ে সরকারের অঙ্গীকার রয়েছে।
নাটোরের এক সংসদ সদস্যের সন্তানের বিরুদ্ধে অভিযোগ ও গ্রেপ্তার প্রসঙ্গে মন্ত্রী বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান। অপরাধের অভিযোগ থাকলে পরিচয় বা প্রভাব বিবেচনা না করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


