পাচ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ
আগামী ৫ নভেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর মাতুয়াইলে বর্ণমালা প্রেস ও গ্লোবাল প্রিন্টিং ইকুইপমেন্ট পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী বলেন, পাঠ্যবই মুদ্রণে নির্ধারিত মান ও স্পেসিফিকেশন যথাযথভাবে অনুসরণ করতে হবে। বইয়ের মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। আগামী বছর থেকে পুরোনো মেশিনে মুদ্রণকাজ করা প্রতিষ্ঠানকে আর কাজ দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।
পরিদর্শনকালে কয়েকটি বইয়ে রঙের বিন্যাস ও অ্যালাইনমেন্টে ত্রুটি দেখতে পেয়ে মান নিয়ন্ত্রণ ও তদারকি জোরদারের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এ সময় এনসিটিবি ও মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


