শিরোনাম

South east bank ad

চাল-আটায় পুষ্টি উপাদান যুক্তে আইন প্রণয়নের তাগিদ

 প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন   |   মন্ত্রী

চাল-আটায় পুষ্টি উপাদান যুক্তে আইন প্রণয়নের তাগিদ
চাল ও আটা-ময়দায় পুষ্টি উপাদান যুক্ত করা বা ফর্টিফিকেশন বাধ্যতামূলক করতে দ্রুত আইন প্রণয়ন ও কার্যকর বিধিমালা তৈরির ওপর জোর দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে ফর্টিফিকেশন অ্যালায়েন্স অব বাংলাদেশ (এফএবি) আয়োজিত ‘কনভেনিং পার্টনারশিপ অন ফুড ফর্টিফিকেশন’ শীর্ষক সেমিনারে তিনি এ দাবি জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

মীর শাহে আলম বলেন, জনগণের কাছে পুষ্টিসমৃদ্ধ খাবার পৌঁছে দিতে সচেতনতার পাশাপাশি আইনি বাধ্যবাধকতা জরুরি। লবণ ও ভোজ্যতেলে আয়োডিন ও ভিটামিন যুক্ত করার উদ্যোগ সফল হলেও চাল ও আটার ক্ষেত্রে তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

তিনি জানান, দেশে বছরে প্রায় ৩ কোটি ৯২ লাখ মেট্রিক টন চাল উৎপাদিত হয়, বিপরীতে চাহিদা প্রায় ৩ কোটি ২৫ থেকে ৩ কোটি ২৬ লাখ মেট্রিক টন। উৎপাদন ও মজুত পর্যাপ্ত থাকায় সঠিক পরিকল্পনা ও সময়োপযোগী রূপরেখার মাধ্যমে চালের ফর্টিফিকেশন বাস্তবায়ন সম্ভব।

প্রতিমন্ত্রী আরও বলেন, হাসপাতাল, এতিমখানা, শিশু সদন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রেশনসহ সরকারি বিভিন্ন খাদ্য সহায়তা কর্মসূচিতে সরবরাহ করা চাল ও আটায় পর্যায়ক্রমে ফর্টিফিকেশন বাধ্যতামূলক করা যেতে পারে। একই সঙ্গে খাদ্যনিরাপত্তা ও পুষ্টি কার্যক্রম গতিশীল করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানান তিনি।

BBS cable ad