শিরোনাম

South east bank ad

দুই লাখ ৪৫ হাজার যুবকে দক্ষতা প্রশিক্ষণ দেবে কেয়ার বাংলাদেশ

 প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন   |   মন্ত্রী

দুই লাখ ৪৫ হাজার যুবকে দক্ষতা প্রশিক্ষণ দেবে কেয়ার বাংলাদেশ
দেশে ২ লাখ ৪৫ হাজার যুব নারী ও পুরুষের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে কেয়ার বাংলাদেশ ও এর অংশীদার সংস্থাগুলো। ১৮ থেকে ৩৫ বছর বয়সী শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা (নিট) যুবদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর সোবহানবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে (বিআইএম) আয়োজিত ‘ইয়ুথ অ্যান্ড এমপ্লয়ার্স মিট’ অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এ কর্মসূচির আওতায় যুবদের কারিগরি, উদ্যোক্তা উন্নয়ন ও সামাজিক-আবেগিক দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বিশ্বব্যাংকের সহায়তায় যুব উন্নয়ন অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ‘ইকোনমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (আর্ন)’ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে যুবদের দক্ষ করে তোলার পাশাপাশি চাকরি ও উদ্যোক্তা হওয়ার বাস্তব সুযোগ তৈরি করতে হবে। এ লক্ষ্যে সরকার, বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী ও প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্ব দেন তিনি।

আর্ন প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব কাজী মোকলেছুর রহমান বলেন, দক্ষতা প্রশিক্ষণের মূল লক্ষ্য হতে হবে কর্মসংস্থান ও আয়বর্ধক উদ্যোগ সৃষ্টি। প্রশিক্ষণের পাশাপাশি যুবদের কর্মজগতে প্রবেশ সহজ করতে কাজ করছে প্রকল্পটি।

কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাস বলেন, নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা প্রশিক্ষণকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে সহায়তা করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি কেয়ার বাংলাদেশের সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত আর্ল আর. মিলার বলেন, যুবদের সম্ভাবনাকে টেকসই জীবিকার সুযোগে রূপান্তরের মাধ্যমে তাদের সক্ষমতা ও ঘুরে দাঁড়ানোর শক্তি বাড়াবে আর্ন প্রকল্প।

বিশ্বব্যাংকের ইমপ্লিমেন্টেশন স্পেশালিস্ট রওনক জাহান যুব নারীদের অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ এবং কর্মক্ষেত্রে তাদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে যুব ও নিয়োগদাতারা কর্মক্ষেত্রের চাহিদা ও বিদ্যমান দক্ষতার ব্যবধান নিয়ে আলোচনা করেন। নিয়োগদাতারা চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা তুলে ধরেন। অন্যদিকে, যুব অংশগ্রহণকারীরা চাকরি খোঁজা, কর্মজীবনে প্রবেশ ও ব্যবসা শুরুর ক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের কথা জানান।

কেয়ার বাংলাদেশ আটটি অংশীদার সংস্থার সঙ্গে যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকা এবং পার্বত্য চট্টগ্রামে এ কর্মসূচি পরিচালিত হবে।

BBS cable ad