নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে আলোচনা
নারী ও শিশুদের অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম নিরসন এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি জিলিয়ান মেলসপ।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নারী ও শিশুদের টেকসই উন্নয়ন, মিড-ডে মিল, কিশোর-কিশোরী ক্লাব, মনোসামাজিক সহায়তা, ফ্যামিলি কার্ড এবং নারী ও শিশু সুরক্ষাসংক্রান্ত বিভিন্ন আইন নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, ইউনিসেফ বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নে সংস্থাটির সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গড়তে নির্বাচনি ইশতেহারে নারী ও শিশুদের কল্যাণ, পুষ্টি, শিক্ষা ও নিরাপত্তা নিয়ে দেওয়া অঙ্গীকারগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নে কাজ করছে সরকার। বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত কার্যক্রমে ইউনিয়ন পর্যায়ের কিশোর-কিশোরী ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।
সাক্ষাৎকালে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা অর্জন ও বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন।
ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন শেষে বাংলাদেশ ত্যাগের মধ্য দিয়ে কর্মজীবন থেকে আনুষ্ঠানিকভাবে অবসরে যাচ্ছেন জিলিয়ান মেলসপ। এ উপলক্ষে মন্ত্রী তাঁর দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তিতে অভিনন্দন জানান এবং অবসরোত্তর জীবনের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।


