দুই মাসে অগ্রগতি না হলে ব্যবস্থা: ওয়াসাকে সতর্ক করলেন প্রতিমন্ত্রী
ঢাকা ওয়াসার চলমান প্রকল্পে আগামী দুই মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার কার্যক্রম পর্যালোচনা সভায় তিনি এ সতর্কবার্তা দেন।
প্রতিমন্ত্রী দাসেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের পাইপলাইন সংযোগ প্রকল্প দ্রুত শেষ করা, পূর্বাচলে পানি সরবরাহ নেটওয়ার্ক গড়ে তোলা এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে উপরিভাগের পানিনির্ভর প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন।
তিনি আরও বলেন, ওয়াসার রাজস্ব আয় বাড়াতে হবে, বিলিংয়ে অটোমেশন জোরদার করতে হবে এবং অবৈধ পানির সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দুই মাস পর আবারও কার্যক্রম পর্যালোচনা করে দৃশ্যমান পরিবর্তন দেখতে চান তিনি।
সভায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ড. মুহা. মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


