জাতীয় যুব দিবসে পুরস্কার পাচ্ছেন ১৪ জন
আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হবে। এ উপলক্ষে ৪ জন সংগঠক ও ১০ জন সফল আত্মকর্মীসহ মোট ১৪ জনকে জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করা হবে। এ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
প্রতিমন্ত্রী জানান, আগামী ১ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিবসটির উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় দেশজুড়ে ১২ হাজার নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম উদ্বোধন করা হবে। পাশাপাশি ৫৫টি স্বনামধন্য প্রতিষ্ঠানকে নিয়ে চাকরি মেলার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে পর্যায়ক্রমে ৩ হাজার থেকে ৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, ৩১ অক্টোবর সকালে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য যুব র্যালি বের করা হবে। এ ছাড়া দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম, খাল খনন, রক্তদান, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যুব ঋণ বিতরণ। প্রশিক্ষণ, যুব ঋণ ও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যুবসমাজকে দক্ষ ও স্বাবলম্বী করে দেশের অর্থনৈতিক উন্নয়নে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।


