শিরোনাম

South east bank ad

প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়কে আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

 প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন   |   মন্ত্রী

প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়কে আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
প্রযুক্তিভিত্তিক, মেধানির্ভর ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে প্রচলিত শিক্ষাব্যবস্থার বাইরে গিয়ে প্রযুক্তিগত জ্ঞান ও মেধার বিকাশ ঘটাতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্ভাবনী গবেষণা, আধুনিক তথ্যপ্রযুক্তির চর্চা এবং মেধাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, শুধু সনদ বা জিপিএ-৫ অর্জনের মাধ্যমে একটি জাতি উন্নত হতে পারে না। এজন্য শিক্ষার গুণগত পরিবর্তন ও গবেষণামুখী শিক্ষা অপরিহার্য। বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে নয়, বরং মুক্তবুদ্ধির চর্চা ও উচ্চতর গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সাধারণ শিক্ষায় উচ্চ ডিগ্রি অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের চাহিদা অনুযায়ী দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তিতে পরিণত করতে হবে। সেমিকন্ডাক্টর শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির সঙ্গে তাল মেলাতে উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত জ্ঞানের বিকল্প নেই।

রাজনৈতিক পটপরিবর্তনের পরও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থ ও জনগণের কল্যাণই হওয়া উচিত প্রধান বিবেচ্য। আমাদের মূলনীতি হওয়া উচিত—‘সবার আগে বাংলাদেশ, সবার আগে জনগণ’।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৯৫ সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়। পরবর্তী সময়ে বিএনপি সরকারের মেয়াদে ২০০৫ সালে জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। কেরানীগঞ্জে ২০০ একর জমির ওপর আধুনিক আবাসিক সুবিধাসহ নতুন ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া পূরণে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে বলেও জানান তিনি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা ও দেশপ্রেম ধারণ করে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র‌্যালি, চারুকলা প্রদর্শনী, আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: