আইসিএপিপির সম্মেলনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল
দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছেছে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
বুধবার (৪ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে প্রতিনিধি দলটি সিউলের ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বিমানবন্দরে আইসিএপিপির প্রতিনিধিবৃন্দ এবং দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাঁদের স্বাগত জানান।
আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় সিউলের হোটেল শিলায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। দুই দিনব্যাপী এ সম্মেলনে এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন।
সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’। এতে আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, পারস্পরিক সহযোগিতা, সংলাপ এবং আস্থা প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা ও যৌথ ঘোষণাপত্র প্রণয়নের বিষয়েও মতবিনিময় করবেন প্রতিনিধিরা।
আগামী ৬ নভেম্বর বিকেলে সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে।
উল্লেখ্য, এ সম্মেলনে অংশগ্রহণের জন্য বিএনপিসহ বাংলাদেশের পাঁচটি রাজনৈতিক দল—বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।


