ঢাকায় বায়ুদূষণ পর্যবেক্ষণে নতুন প্রকল্প
ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর বসবাসের এলাকায় বায়ুমানের তথ্য সহজলভ্য করতে ‘ব্রিদিং ঢাকা’ প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের পরিবেশ ভবনে অভিযাত্রিক ফাউন্ডেশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউটের (ইপিআইসি) এয়ার কোয়ালিটি ফান্ড-২০২৬-এর সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। তিনি বলেন, ঢাকার বায়ুমান পর্যবেক্ষণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকা থেকে বের করে আনার আশা প্রকাশ করেন তিনি।
অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আহমেদ ইমতিয়াজ জামি বলেন, বায়ুদূষণে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। প্রকল্পটির মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারদের সঙ্গে কাজ করে নীতিনির্ধারণ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ ঝুঁকি কমানোর উদ্যোগ নেওয়া হবে।
প্রকল্পের টেকনিক্যাল লিড ড. আহমাদ কামরুজ্জামান মজুমদার জানান, ঢাকার আটটি নিম্ন আয়ের, শিল্পঘেঁষা ও বায়ুদূষণপ্রবণ এলাকায় বায়ুমান পর্যবেক্ষণ যন্ত্র স্থাপন করা হবে। এসব যন্ত্রের মাধ্যমে টানা ১২ মাস পিএম২.৫-এর তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্য পরিবেশ অধিদপ্তরের তথ্যের সঙ্গে যাচাই করে সবার জন্য উন্মুক্ত করা হবে। পাশাপাশি এ নিয়ে গবেষণাপত্র প্রকাশ করা হবে।
সভায় প্রকল্পের বাস্তবায়ন কৌশল, পর্যবেক্ষণ যন্ত্র স্থাপন এবং সম্ভাব্য স্থান নির্বাচন নিয়ে আলোচনা হয়। এতে পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।


