South east bank ad

কুইন্স কমনওয়েলথ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পেল আনান

 প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন   |   অন্যান্য

কুইন্স কমনওয়েলথ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পেল আনান
বাংলাদেশের শিক্ষার্থী আনান মুস্তাফিজ কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এবার সে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে। এর আগে গত বছর প্রতিযোগিতাটিতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছিল রাজধানীর অ্যাপল ট্রি ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণির এই শিক্ষার্থী।

শুক্রবার (২৩ অক্টোবর) রয়্যাল কমনওয়েলথ সোসাইটি ই-মেইলের মাধ্যমে আনানকে পুরস্কার পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। একই সঙ্গে পাঠানো হয়েছে সনদের ডিজিটাল কপি।

আনানের পুরস্কারপ্রাপ্ত লেখার শিরোনাম ‘দ্য রিদম অব আইডেন্টিটি’। এতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।

লেখায় বৃষ্টিভেজা এক বিকেলে জামাইকার কিশোরী আমারা’র সঙ্গে আনানের পরিচয়ের গল্প উঠে এসেছে। বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে চাওয়া আমারা’কে খাবারের মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য ও মানুষের জীবনযাত্রার সঙ্গে পরিচয় করিয়ে দেয় আনান। ভাত, ডাল, বেগুন ভাজা ও ইলিশের মতো খাবারের প্রসঙ্গে সে বাংলাদেশের নদী, কৃষি, অর্থনৈতিক বাস্তবতা ও উৎসবের ঐতিহ্য তুলে ধরে।

এ ছাড়া লেখায় লালনগীতি, রবীন্দ্রসংগীত, ভাটিয়ালি ও ভাওয়াইয়ার মতো বাংলা গানের বৈচিত্র্য এবং ভাষা আন্দোলনের ইতিহাস স্থান পেয়েছে। বাংলাদেশে কিংবদন্তি জামাইকান শিল্পী বব মার্লের জনপ্রিয়তার কথা শুনে আমারা আবেগাপ্লুত হয়। দুই কিশোর-কিশোরীর কথোপকথনের মধ্য দিয়ে লেখাটিতে দুই দেশের সংস্কৃতির মিল, পারস্পরিক আগ্রহ ও কমনওয়েলথের সাংস্কৃতিক বৈচিত্র্য ফুটে উঠেছে।

পুরস্কার পেয়ে আনন্দিত হলেও গত বছরের গোল্ড অ্যাওয়ার্ডের তুলনায় এবার ব্রোঞ্জ পাওয়ায় কিছুটা হতাশ আনান। তবে আগামী বছর আরও ভালো করার জন্য এই অর্জনকে অনুপ্রেরণা হিসেবে দেখছে সে। আনান জানায়, গত এপ্রিল মাসে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় লেখাটি প্রতিযোগিতায় পাঠিয়েছিল।

১৮৮৩ সাল থেকে রয়্যাল কমনওয়েলথ সোসাইটি স্কুলশিক্ষার্থীদের জন্য প্রতিবছর কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতার আয়োজন করে আসছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এটি বিশ্বের দীর্ঘতম সময় ধরে আয়োজিত আন্তর্জাতিক স্কুল রচনা প্রতিযোগিতাগুলোর একটি। চলতি বছর কমনওয়েলথের ৫৬টি সদস্যদেশ থেকে জুনিয়র ও সিনিয়র বিভাগে বিপুলসংখ্যক শিক্ষার্থী এতে অংশ নেয়।

এর আগে ২০২৩ সালে ১৪ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত স্মার্ট চিলড্রেন কার্নিভালের কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছিল আনান। ‘টক উইথ আনান’ শিরোনামে দেশি-বিদেশি তারকাদের নিয়ে একটি টক শো উপস্থাপনা করে সে। অনুষ্ঠানটি তার ইউটিউব চ্যানেল ‘মুগলি’স ওয়ার্ল্ড’-এ প্রচারিত হয়। পাশাপাশি নিয়মিত গল্পও লেখে এই ক্ষুদে লেখক।

আনানের বাবা রহমান মুস্তাফিজ একজন জ্যেষ্ঠ সাংবাদিক। তার মা কাজী তামান্না আর্ট নিউজের প্রকাশক ও সম্পাদক। তিনি জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ও চিত্রশিল্পী হিসেবেও পরিচিত।

BBS cable ad