শিরোনাম

South east bank ad

তৃতীয় ভাষা শিক্ষা চালুতে উপাচার্যদের সঙ্গে ইউজিসির মতবিনিময়

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন   |   অন্যান্য

তৃতীয় ভাষা শিক্ষা চালুতে উপাচার্যদের সঙ্গে ইউজিসির মতবিনিময়
তৃতীয় ভাষা শিক্ষা চালুর বিষয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ইউজিসিতে অনুষ্ঠিত সভায় ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর লক্ষ্যে ভাষা কেন্দ্র স্থাপন, প্রয়োজনীয় জনবল, অঞ্চলভিত্তিক ভাষার চাহিদা ও কোর্সের ধরন নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ ২৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন। পর্যায়ক্রমে অন্যান্য পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও মতবিনিময় করা হবে।

সভায় বিশ্ববিদ্যালয়গুলোকে ভাষা কেন্দ্র স্থাপন, বিদ্যমান সক্ষমতা ও রিসোর্স ম্যাপিং এবং প্রয়োজনীয় জনবলের তথ্য দ্রুত ইউজিসিকে জানাতে বলা হয়। তৃতীয় ভাষা নির্বাচনে অঞ্চলভিত্তিক চাহিদা ও কর্মসংস্থানের সম্ভাবনাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। বিএমইটির তথ্য যাচাই করে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ভাষা নির্বাচন করার প্রস্তাবও দেওয়া হয়।

তৃতীয় ভাষায় নন-ক্রেডিট কোর্সের পাশাপাশি বিভাগভিত্তিক অন্তত একটি ক্রেডিট কোর্স চালু, নতুন বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা, বেকারদের জন্য ছয় মাস মেয়াদি কোর্স এবং দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে ভাষাশিক্ষক তৈরির বিষয়েও আলোচনা হয়।

অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন বলেন, দেশে ও বিদেশে কর্মসংস্থান এবং উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে। তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি মান ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সভায় ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বাড়ানো, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও শিল্পপ্রতিষ্ঠানে কোর্সের সুযোগ, যৌথ গবেষণা এবং গবেষণার ফল বাণিজ্যিকীকরণে তহবিল গঠনের প্রস্তাবও উঠে আসে। শিল্পের চাহিদা অনুযায়ী এআই, রোবটিকস, সাইবার সিকিউরিটি ও ডেটা সায়েন্সে নতুন বিভাগ বা একাডেমিক কার্যক্রম চালুর বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব হিসেবে গড়ে তুলতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল অফিস চালু এবং ‘স্টাডি ইন বাংলাদেশ’ পোর্টাল চালুর পরিকল্পনার কথা জানানো হয়। প্রাথমিকভাবে ২০টি বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকার দিয়ে এ পোর্টালে আন্তর্জাতিক সহযোগিতা, আবাসন, বৃত্তি ও ইন্টারন্যাশনাল অফিসসংক্রান্ত তথ্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
BBS cable ad

অন্যান্য এর আরও খবর: