শাহজালাল বিমানবন্দরে ১১৬৩ কচ্ছপ পাচারকালে যাত্রী গ্রেপ্তার
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশীয় প্রজাতির ১১৬৩টি ‘কড়ি কাইট্টা’ কচ্ছপ পাচারের সময় এক যাত্রীকে গ্রেপ্তার করেছে আইন প্রয়োগকারী সংস্থা ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে যৌথ অভিযান চালিয়ে কচ্ছগুলো জব্দ করে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
এ সময় এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার, পুলিশ, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং নির্বাহী হাকিমসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা উপস্থিত ছিল।
পরে ইউনিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে বাটিক এয়ারের একটি ফ্লাইটে মালয়েশিয়াগামী যাত্রী শহীদুল ইসলামকে আটক করা হয়। পরে তার ব্যাগে তল্লাশি চালিয়ে ১ হাজার ১৬৩টি জীবন্ত কড়ি কাইট্টা কচ্ছপ জব্দ করা হয়। গ্রেপ্তার শহীদুলের বাড়ি টাঙ্গাইলের মাহমুদ নগরের হাসানাবাদ এলাকায়।
বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক বলেন, জিজ্ঞাসাবাদে আটক শহীদুল তেমন কিছু জানাতে পারেননি। তিনি শুধু অর্থের বিনিময়ে লাগেজ পার করার দায়িত্ব নিয়েছিলেন বলে তথ্য দিয়েছেন। আমরা ধারণা করছি, এর পেছনে অন্য একটি পাচারকারী চক্র কাজ করছে। সেই চক্রকে খুঁজে বের করতে আমরা চেষ্টা চালাচ্ছি।


