অপ্রীতম হত্যাকাণ্ডে জনরাষ্ট্র আন্দোলনের নিন্দা
বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইশায়াত শাহরিয়ার অপ্রীতমের মৃত্যুতে তীব্র ক্ষোভ ও গভীর নিন্দা জানিয়েছে বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু ও মুখপাত্র সাম্য শাহ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বর্তমানে অস্বাভাবিক রূপ ধারণ করেছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যাশায় হাজারো মানুষ জীবন দিয়েছেন। অথচ এত বড় পরিবর্তনের পরও নাগরিকদের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নেই—এটি অত্যন্ত দুঃখজনক।
তারা বলেন, অপ্রীতমের অকাল ও নৃশংস মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নেতৃদ্বয় বলেন, এই ঘটনা নাগরিকদের, বিশেষ করে শিশুদের, নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের ব্যর্থতার চিত্র তুলে ধরেছে।
বিবৃতিতে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আরও কঠোর ও সতর্ক ভূমিকা পালনের দাবি জানানো হয়। একই সঙ্গে দ্রুত সাঁড়াশি অভিযান চালিয়ে অপ্রীতমের হত্যাকারীদের গ্রেপ্তার এবং সব ধরনের অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করার আহ্বান জানানো হয়েছে।


