ডিএনসিসিতে নতুন ৫ কন্টেইনার ক্যারিয়ার ট্রাক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক করতে পাঁচটি নতুন কন্টেইনার ক্যারিয়ার ট্রাক চালু করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে গাবতলীর প্রস্তাবিত কাঁচাবাজার এলাকায় ডিএনসিসির পরিবহন ডিপোতে এসব ট্রাকের উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
উদ্বোধনকালে প্রশাসক বলেন, বাসাবাড়ির বর্জ্য দ্রুত অপসারণ এবং সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে দক্ষতার সঙ্গে বর্জ্য পরিবহনের লক্ষ্যে নতুন পাঁচটি কন্টেইনার ক্যারিয়ার ট্রাক যুক্ত করা হয়েছে। আগামীতে আরও ১০টি কন্টেইনার ক্যারিয়ার ট্রাক ডিএনসিসির বহরে যুক্ত করা হবে।
তিনি জানান, বর্তমানে ডিএনসিসির ১৮০ থেকে ২০০টি গাড়ির মাধ্যমে প্রতিদিন প্রায় চার হাজার টন বর্জ্য অপসারণ করা হচ্ছে। নতুন ভারী যানগুলো যুক্ত হওয়ায় বর্জ্য পরিবহনের সক্ষমতা বাড়বে এবং কম সময়ে বর্জ্য নির্ধারিত ল্যান্ডফিলে নেওয়া সম্ভব হবে।
প্রশাসক বলেন, অতিবৃষ্টির পরও ডিএনসিসি এলাকায় জলাবদ্ধতা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সংস্কার কার্যক্রম ও কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের ফলে এ ক্ষেত্রে প্রায় সফলতা অর্জিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ৯০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় ডিএনসিসি কার্যক্রম শুরু করেছে। প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, এডিস মশার লার্ভা ধ্বংস, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা করা হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদ্বোধনের পর প্রশাসক নিজেই একটি নতুন কন্টেইনার ক্যারিয়ার ট্রাক চালিয়ে এর কার্যকারিতা পরীক্ষা করেন।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হুমায়ুন কবির, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিব হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরুল কায়েসসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


