বৃষ্টিতে জলাবদ্ধতা, মাঠে ডিএসসিসি প্রশাসক
রবিবার (১২ জুলাই) রাজধানীতে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা ও যানজট নিরসনে ভোর থেকেই মাঠে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম। উপড়ে পড়া গাছ অপসারণ এবং পানি নিষ্কাশন কার্যক্রম তদারকিতে সরাসরি মাঠে উপস্থিত ছিলেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম।
আজ ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজধানীতে সর্বশেষ ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা চলতি মাসে সর্বোচ্চ। ভারী বৃষ্টির কারণে সৃষ্ট জলজট দ্রুত নিরসনে কমলাপুরের দুটি এবং ধোলাইখালের একটি উচ্চক্ষমতাসম্পন্ন পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশনের কাজ চলছে। একই সঙ্গে ড্রেনের মুখ পরিষ্কার রাখতে ইমারজেন্সি রেসপন্স টিম নিরলসভাবে কাজ করছে।
দুপুর সাড়ে ১২টার দিকে আজিমপুরে ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের বিপরীতে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়ক বন্ধ হয়ে গেলে প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম ঘটনাস্থলে ছুটে যান। তিনি হাঁটু পানিতে দাঁড়িয়ে থেকে উদ্ধারকাজ তদারকি করেন। পরে দুপুর ১টার দিকে গাছ অপসারণ শেষে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ডিএসসিসি প্রশাসক বলেন, টানা বৃষ্টিতে সাময়িক জলজট সৃষ্টি হলেও পরিস্থিতি মোকাবিলায় কর্পোরেশনের কর্মীরা ভোর থেকেই মাঠে রয়েছে। নগরজীবন স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এদিকে, নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ওয়াসা, ডিপিডিসি ও তিতাসসহ বিভিন্ন সংস্থার রাস্তা খননের গর্ত এবং ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।


