বাদামতলীর অবৈধ পার্কিং উচ্ছেদের নির্দেশ ডিএসসিসি প্রশাসকের
মঙ্গলবার (২৫ আগস্ট) পুরান ঢাকার বাদামতলী মার্কেট সংলগ্ন সব অবৈধ পার্কিং ও দোকানপাট দ্রুত উচ্ছেদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বাদামতলী এলাকার অবৈধ স্থাপনা ও পার্কিং সমস্যা সমাধানে ডিএসসিসির সহযোগিতা চান। এরপরই প্রশাসক সংশ্লিষ্টদের দ্রুত উচ্ছেদ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ডিএসসিসি প্রশাসকের দ্রুত সিদ্ধান্তের ফলে বাদামতলীর দীর্ঘদিনের যানজট নিরসনে দ্রুত অভিযান পরিচালনা করা সম্ভব হবে।
এদিকে, বাবুবাজার ব্রিজ এলাকায় সিটি করপোরেশনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের পর ৩২ নম্বর ওয়ার্ডের বাবুবাজার ব্রিজের নিচে নবনির্মিত কার পার্কিংয়ের কার্যক্রম স্থগিত করেছে ডিএসসিসি।
‘এ’ থেকে ‘ডি’ পর্যন্ত চারটি ব্লকের ২৮ হাজার ৫১ দশমিক ১২ বর্গফুট জায়গায় পরিচালিত কার পার্কিংয়ের সব কার্যক্রম পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, নাগরিকদের ভোগান্তি সৃষ্টি বা সিটি করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কাজ করপোরেশন নিজে করবে না এবং অন্য কাউকেও করতে দেওয়া হবে না।


