শিরোনাম

South east bank ad

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

 প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন   |   অন্যান্য

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব, দেশ-বিদেশের সম্পদ এবং বিনিয়োগের তথ্য চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের সই করা চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে দেশের সব ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর নামে থাকা চালু, সুপ্ত ও বন্ধ হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি ডেবিট-ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণসংক্রান্ত নথিও চাওয়া হয়েছে।

এ ছাড়া পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, অর্থপাচার, শেল কোম্পানি গঠন, ব্যাংক হিসাব ও বিনিয়োগের বিষয়ে বিএফআইইউর কাছে থাকা তথ্য-নথি চেয়েছে দুদক।

দুদকের চিঠিতে আসিফ মাহমুদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে অবৈধ সম্পদ অর্জন, বিদেশে অর্থপাচার, বিদেশি নাগরিকত্ব গ্রহণ এবং বিদেশে শেল কোম্পানি গঠনের অভিযোগের কথাও উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, কেনাকাটাসহ বিভিন্ন কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরে ১৩ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ বিভিন্ন ক্ষেত্রে ঘুষ, নিয়োগ-পদায়ন বাণিজ্য, টেন্ডার কমিশন ও অর্থপাচারের নতুন অভিযোগও অনুসন্ধানের আওতায় নেওয়া হয়।

অভিযোগগুলোর মধ্যে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচার, বিভিন্ন সরকারি পদে নিয়োগ ও পদায়নে অর্থ লেনদেন এবং উন্নয়ন প্রকল্পে অনিয়মের কথা বলা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো অনুসন্ধানের পর্যায়ে রয়েছে এবং দুদক তথ্য-উপাত্ত যাচাই করছে। আসিফ মাহমুদ এর আগে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন।





BBS cable ad