শিরোনাম

South east bank ad

সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: ববি হাজ্জাজ

 প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন   |   মন্ত্রী

সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: ববি হাজ্জাজ

অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সমাজে সঠিক ও ইতিবাচক ন্যারেটিভ প্রতিষ্ঠা জরুরি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার গুলশানের লেকশোর হোটেলে ‘অঙ্গীকার থেকে বাস্তবায়ন: নারী ও শিশুর অধিকার সুরক্ষায় সরকারের ১৮০ দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কোয়ালিশন ফর অ্যাডভান্সিং ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

ববি হাজ্জাজ বলেন, রাজনীতি, ধর্ম, জেন্ডারসহ বিভিন্ন বিষয়ে প্রচলিত ভুল ধারণা ও বিভ্রান্তিকর ন্যারেটিভ পর্যালোচনা করে বাস্তবতা ও তথ্যভিত্তিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মসহ সবাইকে ভূমিকা রাখতে হবে। ভবিষ্যতের বাংলাদেশ গড়তে সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নারীর পরিচয়কে শুধু কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নারীর বহুমাত্রিক পরিচয় ও সক্ষমতাকে স্বীকৃতি দিতে হবে। একইভাবে নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রচলিত সামাজিক ধারণাগুলো পুনর্বিবেচনা করা প্রয়োজন। গণতান্ত্রিক রাজনীতিতে শারীরিক শক্তির পরিবর্তে যোগ্যতা, অংশগ্রহণ ও জনগণের আস্থা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

প্রাথমিক শিক্ষা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সব শিশুর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং পর্যায়ক্রমে মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানকেও কার্যকর সরকারি মনিটরিংয়ের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

হাওরসহ দুর্গম ও প্রান্তিক এলাকার শিশুদের শিক্ষার বিশেষ চাহিদা বিবেচনায় নিয়ে কাজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এসব এলাকায় বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষক উপস্থিতি, আবাসিক সুবিধা ও শিক্ষার মানোন্নয়নে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের কিশোরীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিশ্চিতেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ববি হাজ্জাজ। বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিদ্যালয়ে প্রয়োজনীয় স্যানিটারি সামগ্রী বিনামূল্যে সরবরাহ এবং শিক্ষার্থীদের সচেতন করতে পাইলট উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে লেখক ও উন্নয়নকর্মী নিশাত সুলতানার সভাপতিত্বে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, আন্না মিনজ, নুসরাত তাবাসসুম জ্যোতি ও সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





BBS cable ad