সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)'র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অপরাধবিষয়ক সাংবাদিকদের ঝুঁকি ও চ্যালেঞ্জের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ক্রাইম রিপোর্টিং করা সাংবাদিকরা অত্যন্ত ঝুঁকির মধ্যে কাজ করেন। সেজন্য অনেক সময় তাদের অনেক চড়া মূল্যও দিতে হয়। এটি সত্যি যে, বাংলাদেশে সাংবাদিকতা পেশায় নিয়োজিতদের পর্যাপ্ত সুরক্ষা দিতে এখনো সঠিক সিস্টেম গড়ে তোলা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, আমি সম্প্রতি এই দায়িত্ব গ্রহণ করেছি। কতখানি পালন করতে পারব জানি না, তবে একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই আমাদের কাজ করতে হবে। যেকোনো প্রয়োজনে আপনারা আমাকে পাশে পাবেন, সরাসরি এসে কথা বলতে পারবেন। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের মানুষ বলে আপনাদের সমস্যাগুলো আমি সহজেই উপলব্ধি করি।


