শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীর প্রস্তুতি পরিদর্শনে মন্ত্রী
বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি, শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষে আয়োজিতব্য অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ শিশু একাডেমি পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। আগামী ৬ অক্টোবর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীর মূল আয়োজন অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন।
পরিদর্শনকালে মন্ত্রী একাডেমির মূল মিলনায়তন, লাইব্রেরি, ব্রেইল কর্নার, স্টোর রুম, সীমানা প্রাচীরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় একাডেমির পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সংস্কারকাজের নির্দেশনা দেন।
মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিশুর প্রতিভা বিকাশ, মুক্তচিন্তা ও মানসিক উৎকর্ষ সাধনের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে শিশু একাডেমিকে গড়ে তুলতে হবে। সুবর্ণজয়ন্তীর আয়োজনকে শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে নতুন উদ্দীপনা সৃষ্টির সুযোগ হিসেবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে জেলা পর্যায়েও শিশুদের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর কর্মসূচি আয়োজনের তাগিদ দেন।
মন্ত্রী শিশু একাডেমিতে দীর্ঘদিন অব্যবহৃত বৈদ্যুতিক সাবস্টেশন দ্রুত সচল করতে গণপূর্ত অধিদপ্তর ও ডিপিডিসিকে সময়সীমা বেঁধে দেন। পাশাপাশি ভবনের ছাদে আধুনিক সোলার প্যানেল স্থাপনের নির্দেশ দেন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ব্রেইল কর্নারে বইয়ের সংগ্রহ বাড়ানো ও সহায়ক প্রযুক্তি সংযোজনের ওপরও গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় আয়োজনকে কেন্দ্র করে একাডেমি প্রাঙ্গণ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশে নিরাপত্তা জোরদারে ডিএমপির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী। সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বক্ষণিক নজরদারি নিশ্চিতের নির্দেশনাও দেন তিনি।
সভায় মহিলা ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগমসহ গণপূর্ত অধিদপ্তর, ডিপিডিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ শিশু একাডেমি ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


