শিরোনাম

South east bank ad

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাবে দুদক

 প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন   |   দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাবে দুদক
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে চলমান অনুসন্ধান বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আজকের পত্রিকার এক প্রতিবেদনে অনুসন্ধানসংশ্লিষ্ট দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়েছে। ওই কর্মকর্তা বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে একাধিক অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলাকালে তিনি বিদেশে চলে গেলে কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করা হবে। 

দুদক সূত্র জানিয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, সরকারি পদে নিয়োগ ও পদায়নে অর্থ লেনদেন, টেন্ডার-বাণিজ্য এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। অভিযোগগুলোর তথ্য-উপাত্ত যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও নথিপত্রও পর্যালোচনা করা হচ্ছে। 

দুদকের তথ্যমতে, আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে অর্থ পাচার করে সম্পদ কেনা ও ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে। তবে এগুলো এখনো অভিযোগের পর্যায়ে রয়েছে; অনুসন্ধানে অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে। 

এদিকে অনুসন্ধানের অংশ হিসেবে আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রী পান্নার দেশ-বিদেশের সম্পদ, ব্যাংক হিসাব ও বিনিয়োগের তথ্য চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি দিয়েছে দুদক। 

আসিফ মাহমুদ অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অর্থপাচারের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। 





BBS cable ad