স্কাউটিংয়ে ঐক্যবদ্ধ হতে হবে শিক্ষার্থীদের: ত্রাণমন্ত্রী
শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, আজকের কাব স্কাউটরাই আগামী দিনের সুনাগরিক হিসেবে দেশ গড়ার কাজে নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের স্কাউটিংয়ের সঙ্গে সম্পৃক্ত হতে হবে।
শুক্রবার (৬ নভেম্বর) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্কাউটসের তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরি-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পূর্বসূরিরা এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। এ দেশকে সবাই মিলে এগিয়ে নিতে হবে। স্কাউট সমাবেশকে দেশ গড়ার শপথের সমাবেশে পরিণত করতে আয়োজকদের প্রতি আহ্বান জানান তিনি।
‘নীল আকাশ, সবুজ বন, স্কাউটিংয়ে গড়ি জীবন’ প্রতিপাদ্যে আয়োজিত এ ক্যাম্পুরির উদ্বোধন হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। এতে কাব স্কাউটদের কুচকাওয়াজ, পতাকা উত্তোলন ও বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কয়েক শ কাব স্কাউট, শিক্ষক, অভিভাবক ও স্কাউট কর্মকর্তারা এতে অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ডা. মো. আব্দুস সালাম ও মো. হাফিজ উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের সচিব মো. আব্দুর রাজ্জাক, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. শফিকুল হক এবং পুলিশ সুপার মো. হোসেন।
আয়োজকেরা জানান, ক্যাম্পুরিতে তাঁবু জীবন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও কুইজসহ নানা শিক্ষামূলক ও বিনোদনমূলক কার্যক্রম রাখা হয়েছে। এসব আয়োজনের মাধ্যমে শিশুদের সৃজনশীলতা, নেতৃত্ব, দলগত কাজের মানসিকতা ও আত্মনির্ভরশীলতা বিকাশের সুযোগ তৈরি হবে।


