কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী
চতুর্থ শিল্পবিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রবিবার (৮ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষ জনশক্তির বিকল্প নেই। এ জন্য প্রকৌশলীদের মানসম্মত প্রশিক্ষণ বিভাগীয় ও জেলা পর্যায়ে সম্প্রসারণ করতে হবে, যাতে তৃণমূলের মানুষও আধুনিক কারিগরি শিক্ষার সুযোগ পায়।
তিনি আরও বলেন, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. কবীর হোসেন। এতে আইডিইবির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রকৌশলী, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


